• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬ , রাত ০৩:৪২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে অজ্ঞাত বৃদ্ধের পরিচয় মিলেছে, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

রিপোর্টার : বোয়ালমারী প্রতিনিধি
বোয়ালমারীতে অজ্ঞাত বৃদ্ধের পরিচয় মিলেছে, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে বারাশিয়া নদী থেকে উদ্ধার হওয়া ৬৮ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পশ্চিমবালুভরা গ্রামের সাহের আলী মৃধা। পরে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গুনবহা এলাকায় চিতাঘাটা বাজারসংলগ্ন বারাশিয়া নদী থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পর বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে পরিবারের সদস্যরা ছবিটি দেখে যোগাযোগ করেন। পরে তার মেয়ে রঙ্গিলা বেগম ও জামাতা ইসলাম এসে মরদেহ শনাক্ত করেন।

নিহতের মেয়ে রঙ্গিলা বেগম বলেন, গত শনিবার তার বাবা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এমনকি খুলনা এলাকায়ও বাবার সন্ধানে পোস্টার লাগানো হয়। পরে এক ব্যক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মরদেহের ছবি দেখতে পেয়ে বোয়ালমারীতে এসে বাবাকে শনাক্ত করেন তারা।

তিনি বলেন, ‘আমার বাবা বেশ কিছুদিন ধরে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজেছি। এখন বাবার মরদেহ বাড়িতে নিয়ে গিয়ে দাফন-কাফনের ব্যবস্থা করব।’

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, নদী থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছিল। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তার মেয়ে রঙ্গিলা ও জামাতা ইসলাম এসে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন