প্রিন্ট ভিউ
আলফাডাঙ্গা প্রতিনিধি : আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে, প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা কলেজছাত্র, সুমন শেখের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আলহাজ্ব, খন্দকার নাসিরুল ইসলাম।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে, তিনি উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে নিহত সুমন শেখের বাড়িতে গিয়ে, পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা জানান।
এ সময় তিনি বলেন, "সুমন শেখ হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও হৃদয়বিদারক। একটি সম্ভাবনাময় তরুণের জীবন এভাবে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি নিহতের পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। এই হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো প্রভাবশালী ব্যক্তি বা মহলের কারণে যেন বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।"
তিনি আরও বলেন, "সুমন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে। দ্রুত আসামিদের গ্রেপ্তারে প্রশাসনের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি এবং বলব। কোনো অবস্থাতেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না।"
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক মোঃ হাসিবুল হাসান হাসিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আহম্মেদ শিকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আমিনুর রহমান, প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম দাউদ, দপ্তর সম্পাদক মোঃ ফারুক হোসাইন কাজল, প্রচার সম্পাদক মোঃ নিয়ামত হোসেন পারভেজ, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরিফ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এদিকে, হত্যাকাণ্ডের ছয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার না হওয়ায়, নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তাদের দাবি, দ্রুত মূল হোতাসহ সকল এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।