• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৯ জুলাই ২০২৬ , রাত ১১:৫৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (৭ জুলাই) সকালে মানিকগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরাসরি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় গিয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে তাদের প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সকাল ৯টা ২০ মিনিটে সিংগাইর উপজেলা-এ বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিস্তীর্ণ প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন এবং বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী ‘ফার্ম বেজ’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসার (সিও) তাকে চলমান প্রশিক্ষণ, কৌশলগত প্রস্তুতি এবং অপারেশনাল সক্ষমতা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) মনোযোগসহকারে শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ (Raid) মহড়া প্রত্যক্ষ করেন।

এ ছাড়া যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, আক্রমণ ও প্রতিরক্ষা কৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী যুদ্ধপ্রশিক্ষণের বিভিন্ন ধাপ ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তিনি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। গাছপালার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ ও দিকনির্দেশনা দেন।

একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। সরকারপ্রধানকে নিজেদের সঙ্গে এতটা ঘনিষ্ঠভাবে পেয়ে উপস্থিত সেনাসদস্যদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের আবহ সৃষ্টি হয়।

পরবর্তীতে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় অবদানের প্রশংসা করে তিনি পেশাদারিত্ব, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য, সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও গৌরবোজ্জ্বল ভূমিকা কামনা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয়

আন্তর্জাতিক

বিনোদন

আরও পড়ুন