প্রকাশিত : সোমবার , ৩১ আগস্ট ২০২৬ , রাত ১০:৩৫।। প্রিন্ট এর তারিখঃ বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ , রাত ০২:২৬

বোয়ালমারীতে নানা আয়োজনে নজরুল বর্ষের শুভ উদ্বোধন


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা ও পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জাতীয় কবির রচিত তিনটি গান পরিবেশন করা হয়। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১৮৯৯ সালের ২৫ মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তাঁর সাহসী লেখনী তাঁকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত করে। তাঁর সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার বার্তা রয়েছে। ১৯৭২ সালে তিনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা লাভ করেন। তাঁর সৃষ্টিকর্ম আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।