আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা চাইল্ড একাডেমি ও নূরানী আইডিয়াল মাদ্রাসায় মহিলা হেফজখানার শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় শিক্ষানুরাগী মোঃ বাকিয়ার রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাজী সুফিয়ার রহমান মোল্লা (সাবেক মাস্টার)।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান, বীর মুক্তিযোদ্ধা মাদেজ মোল্লা, ২নং ওর্য়াডের সাবেক ইউপি সদস্য মোঃ আরকান আলী ইকন, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ফকির, বিলপুটিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ রমজান মোল্লা, আছিরণ নেসা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুর রহমান, সাবেক মহিলা ইউপি সদস্য সালেহা বেগম, মোঃ মুজাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সার্জেন্ট সিরাজুল ইসলাম মোল্লা। হাজী হোসেন মোল্লা,
এ সময় বক্তারা বলেন, নারী শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রসারে মহিলা হেফজখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মেয়েরা পবিত্র কোরআন হেফজ করার সুযোগ পাবে। পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাকিয়ার রহমান বলেন, এলাকার মেয়েদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যেই মহিলা হেফজখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র কোরআন হেফজ করার পাশাপাশি শিক্ষার্থীরা নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। প্রতিষ্ঠানটি পরিচালনায় স্থানীয় সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।