স্টাফ রিপোর্টার: দপুরের বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে দেশ ও মানুষের কল্যাণে একযোগে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিনগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। জাতীয় ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ দিবসের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নে রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শওকত হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।