প্রকাশিত : সোমবার , ৯ নভেম্বর ২০২৬ , সন্ধ্যা ০৭:২২।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ , ভোর ০৫:৪৯

বোয়ালমারীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৪


স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গ্রাম্য সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক তারেক মো. আব্দুল্লাহ ও তাঁর বড় ভাই সৈয়দ তুরাণসহ উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সহস্রাইল গ্রামের মজনু মোল্যার ছেলে তুষার মোল্যা ও একই গ্রামের বাসিন্দা সাংবাদিক তারেক মো. আব্দুল্লাহদের পরিবারের জমি পাশাপাশি। সম্প্রতি তুষার মোল্যা তাঁর জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করেন। তবে তারেকের পরিবারের দাবি, নির্মাণাধীন ভবনের একটি অংশ তাঁদের জমির মধ্যে পড়েছে। অন্যদিকে তুষার মোল্যার দাবি, তিনি নিজের জমিতেই ভবন নির্মাণ করছেন।

এ নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে একাধিকবার গ্রাম্য সালিশ ও জমি মাপজোখের চেষ্টা করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে উভয় পক্ষকে নিয়ে আবারও সালিশ বৈঠক বসে। বৈঠকে জমির কাগজপত্র পর্যালোচনার একপর্যায়ে তুষার মোল্যার চাচা নিজাম মোল্লা ও তারেকের ভাই সৈয়দ তুরাণের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাংবাদিক তারেক মো. আব্দুল্লাহসহ চারজন আহত হন। গুরুতর আহত তারেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সালিশদাররা বৈঠক ছেড়ে চলে যান।

সৈয়দ তারেক মো. আব্দুল্লাহ বলেন, ‘আমাদের ও প্রতিপক্ষের জমিজমা নিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তুষার ও মনির মোল্যারা হঠাৎ আমার ভাইকে মারধর করেন। পরে আমি এগিয়ে গেলে আমাকেও মারধর করে জখম করেন তাঁরা। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তারেকের চাচি শাহনাজ পারভীন বলেন, ‘আমাদের জমির মধ্যে তাঁদের ভবনের একটি পিলার চলে এসেছে। জমি না মেপেই আমাদের অংশে ভবন নির্মাণ করছেন তাঁরা। এ কারণে আমরা বাধা দিয়েছি। সোমবার এ বিষয়ে দুই পক্ষের সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু সালিশের সমাধান না করে তাঁরা লোকজন নিয়ে এসে গোলযোগ সৃষ্টি করেছেন। এতে আমাদের ভাতিজা তারেক গুরুতর আহত হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’

অন্যদিকে মো. মনির মোল্যা বলেন, ‘আমার চাচাতো ভাই তুষার মোল্যা তাঁদের নিজ জমিতে ভবন নির্মাণ করছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার জমি মাপজোখ করে দিয়েছেন। প্রায় তিন বছর আগে ভবনের আংশিক কাজ করা হয়। এখন ছাদ দেওয়ার প্রস্তুতি চলছে। এর মধ্যে তারেকরা বাধা সৃষ্টি করেন। পরে আবারও জমি মাপজোখের উদ্যোগ নেওয়া হয়। সালিশ চলাকালে তারেকের ভাই তুরাণ আমার চাচাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এতে আমাদের পক্ষের লোকজনও আহত হয়েছেন।’

তুষার মোল্যা বলেন, ‘আমি আমার নিজের জমিতে ভবন নির্মাণ করছি। কিন্তু তাঁরা এসে কাজ বন্ধ করে দেন। সোমবার সালিশ বৈঠকে এসে তাঁরাই মারামারিতে জড়ান। এ কারণে জমি মাপজোখের কাজ বন্ধ হয়ে গেছে। আমার প্রায় সাড়ে তিন শতাংশ জমি রয়েছে। এর মধ্যেই আগে আমার ঘর ছিল। তাঁরা বিভিন্ন ধরনের অভিযোগ তুলে এ পরিস্থিতি তৈরি করেছেন।’

শেখর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সালিশ বৈঠকের মাতবর ইসরাফিল মোল্যা বলেন, ‘জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পরে উভয় পক্ষের আমিন ও লোকজন নিয়ে সালিশে বসি। আমরা দুই পক্ষের কাগজপত্র দেখছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পরে দেখি, উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। আমরা কোনোরকমে পরিস্থিতি শান্ত করে চলে আসি। আগে জানলে যে দুই পক্ষেরই বহিরাগত লোকজন আসবে, তাহলে আমি এ সালিশ বৈঠকে আসতাম না।’

আরেক সালিশদার আসলাম চৌধুরী বলেন, ‘এর আগে একাধিকবার জমি মাপজোখ করা হয়েছে। এরপর তুষাররা ঘর নির্মাণ করেছেন। তবে উভয় পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে আবারও জমি মাপার আয়োজন করা হয়েছিল। এর মধ্যেই দুই পক্ষের মধ্যে গোলযোগের ঘটনা ঘটে।’

এ ঘটনায় বোয়ালমারী থানায় উভয় পক্ষের লোকজন অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।