• ঢাকা
  • মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ , ভোর ০৪:৫৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সাংবাদিককে ঘিরে বিতর্কের রেশ, গুলশান ক্লাবে জনতার বাধায় পরীমনি

রিপোর্টার : এস এম রুবেল
সাংবাদিককে ঘিরে বিতর্কের রেশ, গুলশান ক্লাবে জনতার বাধায় পরীমনি প্রিন্ট ভিউ

এস এস রুবেল : সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার বিতর্কের রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। এবার রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে হট্টগোলের মধ্যে পড়েন তিনি। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় জনতার বাধায় আটকে পড়েন পরীমনি। পরে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে ঘটনার বর্ণনা দেন পরীমনি। এ সময় তিনি অভিযোগ করেন, অনুষ্ঠানে তাঁর পরিবেশনার নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরীমনি তাঁর গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুললেও ঘটনাস্থলে গাড়িটি অক্ষত দেখা গেছে। মূলত জনতার বাধার কারণে তিনি সেখানে আটকে পড়েছিলেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে নিরাপদে বের করে নিয়ে যায়।

ফেসবুক লাইভে পরীমনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘গুলশান থানা-পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।’

অনুষ্ঠানের স্টল ভাঙচুরের অভিযোগ তুলে তিনি এর দায়দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন। কারও সঙ্গে কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে সরাসরি তাঁর সঙ্গে কথা বলার আহ্বান জানান এই অভিনেত্রী।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরে পরীমনি চলে যান। আর কোনো ঝামেলা হয়নি।’

শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল জানিয়ে ওসি বলেন, রোববার ছিল এর শেষ দিন। পরীমনির গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাঙচুরের কোনো ঘটনা তাঁর জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।

এর আগে গত ৫ নভেম্বর একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি। সেই ঘটনার পর নতুন করে গুলশান শুটিং ক্লাবের হট্টগোলের ঘটনায় তাঁর নাম আবারও আলোচনায় এসেছে।

জাতীয়

বিনোদন

সারাদেশ

আরও পড়ুন